গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লভলাল চক্রবর্তী ওই এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অভিযুক্ত অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। এর আগে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তার বাবাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তকে গ্রেফতারসহ এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এদিকে, সোমবার ভোরে গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের আঘাতে বাবা আব্দুস সামাদের মৃত্যু হয়। একদিনের ব্যবধানে মাদকাসক্ত ছেলেদের হাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিনিধি/টিবি




