মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিথ্যা মামলা দায়েরে বাদী কারাগারে, খালাস দুই অভিযুক্ত

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ এএম

শেয়ার করুন:

মিথ্যা মামলা দায়েরে বাদী কারাগারে, খালাস দুই অভিযুক্ত
সাজাপ্রাপ্ত শাহীনা বেগম

ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের করার অপরাধে বাদীকে সাজা দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। রায়ে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদিকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিন কারাভোগ করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন শাহীনা বেগম। এতে জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লাকে (২০) আসামি করা হয়। তাদের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছিল।

এজাহারে বাদী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আসামিরা তাকে উত্ত্যক্ত করতেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে তাকে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দুই আসামিকে খালাস দেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিন কারাগারে থাকতে হবে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর