মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ৩ বাড়িতে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ এএম

শেয়ার করুন:

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ৩ বাড়িতে হামলা-ভাঙচুর
হামলায় ক্ষতিগ্রস্ত টেলিভিশন / সংগৃহীত ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিম হিন্দুপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশু চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্রের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথাবার্তা বলার একটি ভিডিও ফেসবুকে প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়।

সেই উত্তেজনার ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার পর ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে সৌরভ চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। এ সময় তার বাবা বিশু চন্দ্র, কাকা জগদীশ চন্দ্র ও সৌরভ চন্দ্র’র ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তারা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

একইসঙ্গে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আর ছড়িয়ে না পড়ে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়াও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর