নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে দুর্বৃত্তরা। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে শাকিলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৩দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
তবে ঘটনার ১৩দিনেও দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। বেশ কয়েকটি বিষয় নিয়ে হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান।
প্রতিনিধি/এলএ




