বরিশালের উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
কাঞ্চন মোল্লা কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ‘শুধু ৬ নম্বর আসামি নয়, পলাতক সব আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’
গত শুক্রবার রাতে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকা থেকে মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মোস্তফা হাওলাদার গত শনিবার উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে রোববার এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে শনিবার দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রতিনিধি/এলএ




