চাঁদপুরের হাইমচরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে একই এলাকার আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরভৈরবী মাছঘাট-সংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে ‘ইসলামিয়া হোটেল’ নামে একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘জব্দ করা ইলিশ মাছগুলো স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/এমআর




