লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে হামলার এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
রোববার রাতে হাসপাতালের জরুরি বিভাগে জুয়েলকে চেয়ার এবং কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করেন শাহেদ ও তার অনুসারীরা।
জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌর ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী।
দলীয় গোপন সূত্রে জানা গেছে, এর আগে শাহেদ ও জুয়েলদের দুই পক্ষের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। সেই ঘটনার রেশ ধরে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলকে শাহেদ মারধর শুরু করে। পরে জুয়েল বাঁচতে সদর হাসপাতালের ভেতরে গেলে, সেখানে গিয়ে তাকে রক্তাক্ত করে শাহেদ।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




