সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-৮। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।

গ্রেফতার জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সাথী আক্তার জানান, মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারে এসআরবি-৮-এর একটি দল অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কুন্দিহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি ডোবার পাড়ের নির্জন স্থানে একা পেয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারে এসআরবি-৮-এর সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর