গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় মাদরাসা পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) রাতে ওই শিক্ষার্থীর বাবা ৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন— বিকেবাড়ি এলাকায় অবস্থিত দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমী) মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসা’র পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম (২৯), মো. শরীফ মিয়া (৩৫), মো. সেলিম মিয়া (৫৫), রহিমা খাতুন (৪০) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)। তারা বানিয়ার চালা ও ফিরোজ আলী এলাকায় বাসা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর থানার চরবওলা এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট এলাকায় মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসায় ৮ম শ্রেণির ছাত্রীকে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী সাড়া দেয়নি। এরপর থেকে তাকে বিভিন্নভাবে মাদরাসার পরিচালক আরিফুল ইসলাম উত্যক্ত করতেন। এছাড়া ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে তারা শিক্ষককে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম তার ভাই মো. শরীফ মিয়া, বাবা মো. সেলিম মিয়া, মা রহিমা খাতুন ও মো. দেলোয়ার হোসেনের সহযোগিতায় তাকে অপহরণ করে। পরে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি




