লক্ষ্মীপুরে জাকির হোসেন প্রকাশ জুয়েল নামের এক মাদক কারবারির মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। এলাকায় ‘মাদক কারবার’ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যা করে সুপারি বাগানে তার মরদেহ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। মাদক কারবারের জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আরও পড়ুন
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। এলাকায় মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
প্রতিনিধি/টিবি




