হবিগঞ্জে অন্য চিকিৎসকের নাম ও প্যাড ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে মো. আরিফ নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি কৌশলে ডা. মীর মাহবুবুর রহমান নামে এক চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষাও করছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. আরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। অভিযানকালে আরিফ নিজের চিকিৎসক পরিচয় ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধতার স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এতে তার চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি জানার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুর বিন আকন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক আরিফের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ডা. শরীফ আরও জানান, মধুমতি ডায়াগনস্টিক সেন্টার কেন ভুয়া চিকিৎসক দিয়ে কার্যক্রম পরিচালনা করছে, সে বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




