রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি। ঢাকা মেইল

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুপুরে বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় ৫ লাখ টাকা তোলেন তৌহিদুর রশিদ। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। তারা  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীদের বহনকারী প্রাইভেটকারটি। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন করেন তৌহিদুর রশিদ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায়  সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তৌহিদুর রশিদ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় ভুক্তভোগী অভিযোগ করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর