রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী

কেক কেটে উৎসব নয়, শিক্ষার্থীদের উপহার প্রদান ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজনের মধ্য দিয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি জাইমা রহমানের ছবি সংবলিত মগ পেয়েছে ১ হাজার ৫০০ শিক্ষার্থী। এ ছাড়া দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল পাওয়ায় ছাত্রীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়বে বলে আশা তাদের।

একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিন মোকামতলা এলাকার সৈয়দপুর ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়। দুই দিনে এ সেবার আওতায় এসেছেন প্রায় ৪ হাজার মানুষ।

নারীশিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আগেও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষুচিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

b99174ec-5704-4833-b19b-97d7f5f9afa1

তিনি বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।

নারীশিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষার পথ সুগম করতে হবে। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেয়েরা যাতে নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জামায়াতের সমালোচনা, প্রধানমন্ত্রীর কর্মসূচির উল্লেখ

চক্ষুচিকিৎসা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি দলটির বিরুদ্ধে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তোলেন। তার দাবি, ভোটের সময় ধর্মীয় আবেগকে কাজে লাগানো হলেও ভোটের পর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে দলটির নেতাকর্মীদের তেমন দেখা যায় না। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে দলটি যথেষ্ট গুরুত্ব দেয় না বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়েছেন। তার উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

নিজের নির্বাচনি এলাকার মানুষের চক্ষুসেবা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এলাকার যাদের চোখের সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে তাঁদের সবাইকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আক্তার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তার স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর