কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ নামে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের প্রধান মো. রফিককে (৪০) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৯ এর ব্লক-সি/৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিক ওই ক্যাম্পের এফডিএমএন সদস্য এবং তার বাবার নাম আইয়ুব।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকায় রফিক তার দলীয় সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন। খবর পেয়ে ৮ এপিবিএন সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ রফিককে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ‘ইসলামী মাহাজ’ নামের একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের প্রধান হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে এপিবিএন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন, বাংলাদেশে তার সংগঠনের প্রায় ৩০০ সদস্য এবং মিয়ানমারে প্রায় ৪০০ সদস্য রয়েছে। এ ছাড়া তার ও সংগঠনের সদস্যদের হেফাজতে প্রায় ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে বাংলাদেশে থাকা সদস্যদের কাছে অস্ত্র রয়েছে কিনা, এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এপিবিএন জানায়, আটক রফিক একজন দুর্ধর্ষ সশস্ত্র সন্ত্রাসী। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, রফিক ও তার সহযোগীরা অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগঠনকে সুসংগঠিত করার চেষ্টা করছিলেন। পাশাপাশি ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তারা অবস্থান করছিলেন এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
এপিবিএন-৮ এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন-৮ নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ দলের প্রধান মো. রফিককে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকের পর তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধি/এফএ




