রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল আলম শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ভোররাত আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)। মিলন উপজেলার সরিষা গাংপাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি। নয়ন মণ্ডল চর হোসেনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশরাফুল করিম এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সরিষা এলাকা থেকে নূর মোহাম্মদ মিলন এবং আশ্রবপুর এলাকা থেকে নয়ন মণ্ডলকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও মারধর করে সদস্যদের আহত করা এবং পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর