চট্টগ্রামের মিরসরাইয়ে রাতভর অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে পাঁচটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
এদিকে পৃথক অভিযানে বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে আশীষ দাশ নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার আসামি। আশীষ দাশ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার তরনী দাশের বাড়ির হারাধন দাশের ছেলে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




