কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গি এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন নিহতের ঘটনার পর পলাতক ট্রাকচালক লুৎফর রহমানকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে জামালপুর-১৪ ও পাবনা-১২ এসআরবি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রোববার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় একটি ট্রাক এবং ইজিবাইকের সংঘর্ষে অটোরিকশায় থাকা লিপি (২৬), তার শিশু সন্তান রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭) এবং তার বড়বোন শরিফা (৪২) মারা যান। এছাড়া রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নামে একজন মারা যান। গুরুতর আহত হন মৃত শরিফার মেয়ে বৃষ্টি (২৫)।
ঘটনার পর ট্রাক ও অটোরিকশাচালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতের পরিবার ট্রাক ও অটোরিকশাচালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে এসআরবি জামালপুর-১৪।
গ্রেফতার ট্রাকচালক লুৎফর রহমানকে পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে বলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান।
প্রতিনিধি/এলএ




