রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩
গ্রেফতার তিনজন। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ প্রেমিকসহ তিন যুবককে গ্রেফতার করেছে।

উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে শনিবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতাররা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের বিল্লাল, হারুন ও রুবেল। ওই তিনজন পেশায় ভ্যানচালক বলে জানিয়েছে পুলিশ। 

ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল ওই তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। এসময়  তার দুই বন্ধু হারুণ ও রুবেলকে সেখানে ডেকে নিয়ে এসে দলবদ্ধ হয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তারা তরুণীকে ফেলে রেখে চলে যান। 

এ ঘটনার পর রাতেই থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। পরে রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সকালে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রেকর্ডভুক্ত করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী নিজেই বাদী ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর