রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রের সড়কে তৃতীয় দফায় চতুর্থ দিনের মতো অবরোধ চলছে। এদিকে, সাজেকের চলমান সংকট নিরসনে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছে প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্থতায় সোমবার আন্দোলনকারীদের সঙ্গে প্রতিনিধি দলটির আলোচনায় বসার কথা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার হেডম্যান ও কার্বারীদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাজেকের সংকট নিরসনে তিন সদস্যের প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক শান্তিবিজয় চাকমা এবং সিএইচটি হেডম্যান অ্যাসোসিয়েশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চাকমা (কেরল)।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাজেকের চলমান সংকট নিরসনে হেডম্যান ও কার্বারীদের সমন্বয়ে তিন সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়েছে। দলটি সোমবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে। এ জন্য বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

সাজেকের পরিস্থিতি প্রসঙ্গে আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, তার জানা মতে, এলাকাটি আগে একটি আঞ্চলিক দলের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে সেখানে আরেকটি আঞ্চলিক দলের উপস্থিতি তৈরি হয়েছে। আগের দলটি নতুন করে আসা দলটিকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।
তিনি বলেন, উভয় সংগঠনই সশস্ত্র হওয়ায় এক পক্ষের দাবির ভিত্তিতে অন্য পক্ষকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনী বিবেচনা করছে। এলাকা থেকে সশস্ত্র দলগুলোকে সরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সাজেকের সংকট সমাধান সম্ভব। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি দল গঠন করা হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাঙাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনসহ জেলার বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারীরা।
চতুর্থ দিনের মতো অবরোধ চলছে
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দফায় এ অবরোধ কর্মসূচি চলছে।
রোববার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, হাজাছড়া ও মাচালংয়ের ১৪ কিলো এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, চতুর্থ দিনের মতো তাদের অবরোধ কর্মসূচি চলছে। সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তিনি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। যান চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




