কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রুকাইয়াসহ চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা একটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে খলিশাকুণ্ডির দিকে যাচ্ছিল। বেলা একটার দিকে অটোরিকশাটি চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি শহিদুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
প্রতিনিধি/এসএস




