রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
মোশারফ হোসেন (৫০) ।

মেহেরপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার বাসিন্দা। তিনি নুরন্নেশার ছেলে।

মামলার এজাহার ও বিবরণ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর শহরের নতুনপাড়ার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রী বাড়িতে সেলাইয়ের কাজ করছিল। ওই সময় তার মা ব্যাংকে এবং দাদি বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে প্রতিবেশী মোশারফ হোসেন বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তিনি চলে যান।

এজাহার সূত্রে আরও জানা যায়, ওই দিন সন্ধ্যায় ঘরের ভেতর একটি মুঠোফোনের রিং শোনা যায়। খোঁজাখুঁজির পর সেলাই মেশিনের ব্যাগের নিচ থেকে ফোনটি উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর মোশারফ ও তার মেয়ে এসে ফোনটি নিজেদের বলে দাবি করে নিয়ে যান।

পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি এবং বারবার বাথরুমে যাওয়ার কারণ জানতে চান তার মা। তখন ওই ছাত্রী তাকে ঘটনার কথা জানায়। পরদিন ১০ এপ্রিল ভোরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা আনোয়ারা আক্তার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ১৯ এবং জিআর নম্বর ১১২/২০২৫।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর পারভিন সুলতানা। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর