চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ভূইয়াকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোব) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (২৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ রফিককে গ্রেফতার করে চাঁদপুর নিয়ে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালে ২২ আগস্ট চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড। প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরপর ২০২৪ সালের ৩০ জুন তৎকালীন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক কোহিনুর হত্যা মামলায় আসামি নাজমা আক্তার ও রফিক ভূঁইয়ার বিরুদ্ধে (ধান্দা রফিক) মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অপরদিকে, প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে ২০২৫ সালের ১ জানুয়ারি একই পুলিশ কর্মকর্তা গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি




