নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনায় কামরুল হাসান (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতের দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি মন্দির পুকুর এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বেপারী বাড়ি মন্দির পুকুর সংলগ্ন বিতর্কিত একটি জমি নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে কামরুল হাসান গুরুতর গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
প্রতিনিধি/টিবি




