রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ এএম

শেয়ার করুন:

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫৭ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের ওয়াসীম মিয়া (২৬) ও সরিষা ইউনিয়নের গাংপাড় গ্রামের এমদাদুল হক (৪৫)।

পুলিশ বলেছে, উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়ার সময় একদল লোক পথরোধ করে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া ও এমদাদুল হককে গ্রেফতার করে।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে ২৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর