রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

​পদ্মায় গোসলে নেমে নিখোঁজ নুর আলমের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ​রাজবাড়ী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ এএম

শেয়ার করুন:

​পদ্মায় গোসলে নেমে নিখোঁজ নুর আলমের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর নুর আলম (৮) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট সংলগ্ন নদী ভাগ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

​নিহত নুর আলম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বন্ধুদের সাথে আনন্দ করে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল ছোট্ট নুর আলম। গোসলের একপর্যায়ে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। সহপাঠীদের ডাকে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে নদীতে তল্লাশি শুরু করেন। তবে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।

​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় নৌ-পুলিশ, থানা-পুলিশ এবং ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পদ্মা নদীর গভীরতা ও স্রোত পেরিয়ে দীর্ঘ প্রায় ২২ ঘণ্টার নিরবচ্ছিন্ন যৌথ অনুসন্ধানের পর শনিবার সকালে ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে শিশু নুর আলমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরিচা ইউনিটের টিম লিডার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিশুটিকে উদ্ধারে আমাদের ৭ সদস্যের একটি দক্ষ ডুবুরি দল টানা অভিযান পরিচালনা করেছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার সকালে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া চলমান রয়েছে।

​এদিকে নিষ্পাপ এই শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর