রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘অপ্রাপ্ত বয়স্কদের হোটেল রুম ভাড়া দিলে আইন ব্যবস্থা’

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

‘অপ্রাপ্ত বয়স্কদের হোটেল রুম ভাড়া দিলে আইন ব্যবস্থা’

কক্সবাজারে অপ্রাপ্ত বয়স্কদের হোটেল-রিসোর্টে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেল-মোটেল-রেস্তোরাঁর মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের বিভিন্ন হোটেলে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কথিত প্রেমিকদের সঙ্গে এসে অবস্থান করার ঘটনা দেখা যাচ্ছে। বয়স কম হওয়া সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই তাদের হোটেলে কক্ষ দেওয়া হচ্ছে, যা আইনত গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় বিভিন্ন অঘটন ঘটছে, এমনকি পথে-ঘাটে মৃত্যুর পাশাপাশি আত্মহত্যার ঘটনাও ঘটছে।

তিনি বলেন, কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন এলাকা। এখানে এমন পরিস্থিতি কোনোভাবেই হতে দেওয়া যায় না। মেয়েরা মা-বাবার সঙ্গে এলে হোটেলে থাকতে পারবে। কিন্তু প্রেমিকের সঙ্গে এলে এনআইডি ছাড়া তাদের কক্ষ দেওয়া যাবে না।

অপ্রাপ্ত বয়স্কদের কক্ষ ভাড়া দেওয়ার ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করে তিনি আরও বলেন, এরপরও কোনো হোটেলে এমন ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার ঘটনায় কক্সবাজারের হোটেলের প্রসঙ্গ
সভায় গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনাটিও আলোচনায় আসে। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কথিত প্রেমিক রাজুর সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করেছিল বলে সভায় জানানো হয়।

হোটেলের নিবন্ধন খাতায় ওই কিশোরীর নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছিল বলে সভায় উঠে আসে।

বিষয়টি তুলে ধরে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পর্যটনশিল্পের স্বার্থে ইতিবাচক ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কুমিল্লার ওই ঘটনায় কক্সবাজারকে জড়ানো হয়েছে। একটি গোষ্ঠী চায় মানুষ যেন কক্সবাজারে না এসে অন্য কোথাও ভ্রমণে যায়। পর্যটনশিল্পের স্বার্থে এ ধরনের অপতৎপরতা রুখতে হবে। একই সঙ্গে কক্সবাজার নিয়ে নেতিবাচক প্রচারণা যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

নিরাপদ পর্যটনে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হোটেল-মোটেল মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও নেতারা বক্তব্য দেন। 

সভায় পর্যটকদের নিরাপত্তা, হোটেল-রিসোর্টে অতিথিদের তথ্য সংরক্ষণ, অগ্নিনিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং পর্যটনকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক প্রাণহানিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সম্প্রতি কক্সবাজারে পর্যটকদের প্রাণহানির একাধিক ঘটনায় নিরাপদ পর্যটন নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এর কয়েক দিন পর ২১ অক্টোবর হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।

চলমান পর্যটন মৌসুমে বিপুলসংখ্যক পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এসব ঝুঁকি কমানোর ওপর জোর দিচ্ছে প্রশাসন। এ লক্ষ্যে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর