নরসিংদীর রায়পুরায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব মিয়া (১৭) ও জীবন মিয়া (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব মিয়া উপজেলার রাধানগর ইউনিয়নের সাহারচর গ্রামের মধ্যপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। জীবন মিয়া একই এলাকার জায়েদুল মিয়ার ছেলে। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করত এবং ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিল।
নিহতদের স্বজনেরা জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিল নিরব ও জীবন। রাতে বাড়ি ফেরার পথে হাসনাবাদ এলাকায় পৌঁছালে একটি চলন্ত নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে দুজনের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ নিয়ে বাড়ি ফেরেন স্বজনেরা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে নিহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
প্রতিনিধি/ এজে




