শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ট্রাক্টরচাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রাক্টরচাপায় শিশু নিহত

ঝিনাইদহ সদর উপজেলার কামতাপূর্বপাড়ায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া(৪) নামের এক শিশু নিহত হয়েছে। বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরটি ওই শিশুকে চাপা দেয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের কন্যা।

নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ির পাশে রাস্তার ধারে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল শিশু জাকিয়া। এ সময় একটি ট্র্যাক্টর ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাক্টরটি ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জাকিয়ার মৃত্যু হয়।

মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ট্রাক্টরের হর্ন শুনে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক্টরচালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্র্যাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর