শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, মন্ত্রীর ক্ষোভ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, মন্ত্রীর ক্ষোভ
রোগীর খোঁজ-খবর নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পড়ে থাকা এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

হাসপাতালের ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও ওয়াশ রুমের অবস্থাও তদারকি করেন।

হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন।

এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে ছুটির কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানানো হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর