নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি, জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নদীতে স্থাপন করা তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়। এ ছাড়া তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করা হয়। পরে বিধিমোতাবেক জব্দ করা সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া জানান, নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে। এ জন্য স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রতিনিধি/ এজে




