শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

টানা ৮ দিন ছুটি শেষে বেনাপোলে আমদানি-রফতানি শুরু

উপজেলা প্রতিনিধি, শার্শা 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

টানা ৮ দিন ছুটি শেষে বেনাপোলে আমদানি-রফতানি শুরু

টানা আট দিনের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এতে বন্দরে পণ্য খালাসের ব্যস্ততা বেড়েছে, পাশাপাশি সীমান্তের দুই পাশে কমতে শুরু করেছে দীর্ঘ ছুটিতে তৈরি হওয়া যানজট ও পণ্যজট।

বেনাপোল বন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন জানান, টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা পণ্য খালাসের কাজে ব্যস্ত সময় পার করছেন।

দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এতে সৃষ্টি হয় যানজট ও পণ্যজট। কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে আমদানি-রফতানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আসে। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। ফলে দীর্ঘসময় বন্দর বন্ধ থাকলে দেশের আমদানি-রফতানি বাণিজ্য, পরিবহণ ব্যবস্থা ও ব্যবসায়ীদের ওপর এর প্রভাব পড়ে।

শনিবার সকাল থেকে কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে, জমে থাকা পণ্যবাহী ট্রাকের চাপ কমিয়ে বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর