নেত্রকোনার সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২৬০ কেজি বাংলাদেশি রসুন ও ৭ হাজার ৫৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৪৯/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংখল নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দ করা রসুনের সিজার মূল্য ৩৬ হাজার ৪০০ টাকা।
এদিকে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে দুর্গাপুরের ভবানীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৩ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমেশ্বরী নদীতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৫৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। এসব কয়লার সিজার মূল্য ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা রসুন ও কয়লা নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। এছাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এজে




