যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। আহতরা হলেন— বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭)।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুই জন জয় ও রোহান যশোরগামী মোটরসাইকেলে ছিলেন। নতুনহাট বাজার এলাকায় তাদের দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। এসময় আহত পাঁচজনকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিন লাশ হাসপাতালে মর্গে রয়েছে।
ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি




