সিরাজগঞ্জের তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকেপড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা আফরোজা খাতুন (২৭) । এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট আট বছর বয়সী ছেলেসহ আরেক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
স্থানীয় কলেজশিক্ষক মো. দুলাল হোসেন জানান, বাড়ির হাঁস-মুরগি শিয়ালের হাত থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোয়াড়ের দরজায় জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন আফরোজা খাতুন। শুক্রবার বেলা ১১টার দিকে তার আট বছর বয়সী ছেলে খোয়াড়ের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে আফরোজা খাতুনও বিদ্যুতায়িত হন। এ সময় শিশুটির সমবয়সী এক প্রতিবেশী তাদের উদ্ধারে এগিয়ে এসে বিদ্যুতায়িত হয়।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বাড়ির মূল সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে আফরোজা খাতুনের মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অবহিত না করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




