ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে ভিডিও কলে কথা বলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও কলে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ মিজান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও কলে তাঁর সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও দেখা গেছে। পরে ভিডিও কলের দৃশ্যটি ইউপি সদস্য মিজান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এমন প্রকাশ্য যোগাযোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
তিনি ভিডিও কলে বলেন, লিডার আপনি নির্দেশ দিবেন, আমরা দা-কুড়াল কিছু ভয় পাই না। আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি। আপনি নির্দেশ দিলে আমরা জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ।
আব্দুল মজিদ মিজানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
প্রতিনিধি/ এজে




