গাজীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুই ছেলেসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডে বসতবাড়ি ৬টি কক্ষ, দুইট মোটরসাইকেল, বাসার আসবাবপত্র পুড়ে যায়। এতে ১২ থেকে ১৫ লাখ টাকার সহ ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম ভুরুলিয়া (লালমাটি) এলাকায় মিয়াজ উদ্দিন প্রধানের টিন শেড (হাফ বিল্ডিং) বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬), তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাইয়ান প্রধান (৬)। অগ্নিদগ্ধ হন। প্রথমে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতাল থেকে তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। তাদের মধ্যে সাদিয়া বেগম ও সাইয়ান ইনস্টিটিউটে ভর্তি ও বাবা মহসিন প্রধান রুবেল ও সোয়াদ পর্যবেক্ষণে রয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বাড়ির ৬টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং দুই ছেলেসহ বাবা-মা দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে শুনেছি। আমরা আহতদের গিয়ে পাইনি।
প্রতিনিধি/এজে




