শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এলাকাবাসীর

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এলাকাবাসীর

তরুণ প্রজন্মকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে এবং গ্রামকে পুরোপুরি মাদকমুক্ত ঘোষণা করতে ঐক্যবদ্ধ হয়েছে রাজশাহী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডির মানুষ। কাটাখালী থানাধীন এ গ্রামে মাদকের আনাগোনা বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে সচেতন যুবসমাজ ও স্থানীয় অভিভাবকবৃন্দ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার কিসমত কুখন্ডি গ্রামে সর্বস্তরের সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দীন মাসুদ (রানা)।

পথসভায় মাদকের ভয়াবহতা রোধে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমাজসেবক ও সাংবাদিক মেহেদী হাসান শ্যামল। এ সময় তিনি বলেন, মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে বাঁচাতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে এক হয়ে সোচ্চার হতে হবে। মাদক নির্মূল করতে হলে কেবল মুখে নয়, বাস্তব মাঠে নেমে মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অবস্থাতেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না; মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান সবসময় বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে বক্তব্য দেন সাবেক নির্বাচন অফিসার ইসহাক আলী, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সভাপতি আনসার আলী এবং সাবেক মেম্বার আক্কাস আলী।

উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাটাখালী থানার রোকন আব্দুল্লাহিল কাফি (শাহীন), চিত্র সাংবাদিক রুবেল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব শাজাহান মন্ডল।  

এছাড়াও সমাবেশে এলাকার বিপুলসংখ্যক সচেতন যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সমগ্র এলাকাবাসী, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর