মিরসরাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ মোহাম্মদ উসামাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা গেছে, মিরসরাই সদরে অবস্থিত মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদরাসার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা ইরফানুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. নুরুল আলম। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদানিয়া ইমাম হাফস রা. মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক বলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত থানাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন হাফেজ অংশগ্রহণ করেন। তার মধ্যে মাদানিয়া ইমাম হাফস রা. মাদ্রাসা থেকে ৮ জন হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আটজনের মধ্যে ৮ জনই বিভিন্ন ধাপে কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। তার মধ্যে শিশু হাফেজ মোহাম্মদ উসামা (১১) মিরসরাই উপজেলার ১৮৬ জনের মধ্যে ৩০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন।
প্রতিনিধি/ এজে




