শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদপান, অসুস্থ হয়ে দুই বন্ধুর মৃত্যু 

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদপান, অসুস্থ হয়ে দুই বন্ধুর মৃত্যু 
মদপানে অসুস্থ হয়ে মারা যাওয়া দুই ব্যক্তি

মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মুসলিম ও অপরজন সনাতন ধর্মাবলম্বী।

শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)। তারা দুজনে বন্ধু ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপ এলাকায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন আলমগীর লস্কর ও বিধান বিশ্বাস। পরে দুজনই অসুস্থ হয়ে পড়েন।

আলমগীরের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে বাড়িতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এমতাবস্থায় ভোরে পরিবারের লোকজন তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিধান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে স্বজনরা তাকেও মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা বলেন, ‘দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে বিধান বন্ধুদের সঙ্গে মদপান করেছিল। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় তার বন্ধু আলমগীরকেও হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, ‘হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শ্রীপুর থানার ওসি ওলী মিয়া জানান, বিষাক্ত বা অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর