‘পাহাড় অশান্ত করে কোনো ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক সংকট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় বাংলাদেশের। পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিবেশী কিছু দেশ বছরের পর বছর ষড়যন্ত্র করছে। পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশী সেই সব দেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিক অস্ত্র-শস্ত্র তারা কোথায় পাচ্ছে? এই ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সোচ্চার রয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন। তিনি শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
বিরোধী দল ঘোষিত খুলনা বিভাগের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি জোটের লংমার্চ এর আগেও সফল হয়নি। খুলনা বিভাগের লংমার্চও সফল হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, জামায়াতের সাথে এখন আর ১১ দলীয় ঐক্যজোট নেই। ২ দল বের হয়ে গেছে। সামনে আরো জামায়াতের শরিক দলগুলো বের হয়ে যাবে।
প্রতিনিধি/এলএ




