মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেলের মালিক।
পুলিশ ও স্বজনরা জানান, নিজ মালিকানাধীন প্রাইভেট চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম।
পথিমধ্যে তাঁতিবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার কাজে নিয়োজিত পার্কিং করা হাইওয়ে পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কা লেগে গুরুতর আহত হয় সেলিম। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, শুক্রবার সকালে নিহতের মরদেহ সুরতহাল শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে




