‘বিরোধী দল চকলেট খাচ্ছে, আর সরকারি দল বিরিয়ানি খাচ্ছে’—জামায়াত ইসলামীর সেক্রেটারির বক্তব্যের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে। বিরোধী দলকে মূল্যায়ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘আমরা কী খাচ্ছি, সেটা অন্য আলোচনা। আমরা ঘরের মধ্যে খাচ্ছি, আপনারা তো দেখছেন না। কিন্তু আপনারা চকলেট পাচ্ছেন, এটা স্বীকার করেছেন। তার মানে বাংলাদেশের বিরোধী দলের কমবেশি হলেও মূল্যায়ন আছে। আমরা তাদের মূল্যায়ন করছি, সংসদে ও সংসদের বাইরে তাদের কথা শুনছি।’ এর আগে বিএনপি বিরোধী দলে থাকলেও বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নেওয়া এবং পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচার অভিযোগ রয়েছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। নির্বাচনের সময় তাদের বিভিন্ন পূজামণ্ডপে দেখা গেলেও এবার দুর্গাপূজায় কোনো মণ্ডপে দেখেননি বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় যেভাবে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন, রোজা ও পূজাকে এক করেছেন এবং মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, এবার কিন্তু আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি।’
তিনি আরও বলেন, ‘ধোঁকাবাজির রাজনীতি, সস্তার রাজনীতি ও ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করুন। মানুষ আপনাদের ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে। বিরোধী দলের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে।’
বিরোধী দলের নেতাদের বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাক্ স্বাধীনতার পাশাপাশি বক্তব্যের শালীনতাও থাকতে হবে। বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ ও ভোটাররা তা ভালোভাবে নেবেন না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা দলটির নেই। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাংলাদেশের সব জনগোষ্ঠীকে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় দলটি।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বিরোধী দল সংসদে বক্তব্য দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে তারা ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করছে।
তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সংসদে আলোচনা করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, যেসব বিষয়ে বিরোধী দলের কথা বলার আছে, সেসব বিষয়ে সংসদে এসে বক্তব্য দিতে হবে।
পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিনিধি/এসএস




