নড়াইলে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার গোবরা পূর্বপাড়া গ্রামের নুর নবী মোল্যার ছেলে ইনামুল মোল্যা (৩২) এবং কালিয়া উপজেলার হাড়িয়ারঘোপ গ্রামের মৃত নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ভীম বিশ্বাস (৪২)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএনসি।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর উপজেলার গোবরা পূর্বপাড়া গ্রামে ইনামুল মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। অন্যদিকে, কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের পাকা সড়ক থেকে ভীম বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবেল শেখ ইনামুল মোল্যাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে, বিচারক মো. বদিউজ্জামান ভীম বিশ্বাসকে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।




