মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন শারমিন আক্তার। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: নেত্রকোনায় এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল
বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলা যুবদল। হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।




