শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে ৫০ ঝিল, উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে ৫০ ঝিল, উচ্ছেদ অভিযান
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে অভিযান। ছবি: ঢাকা মেইল

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ভেকু জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষিজমি দখল করেছে। এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে। বাধা দিতে গেলে জমির মালিকদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী বলেন, এসব জমিতে তাদের পূর্বপুরুষেরা বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র জমি দখল করে মাটি কেটে বিক্রি করেছে।

আরেক জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে। সেখানে মাটি কাটায় বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, প্রায় ৪০০ একর জমিতে একটি চক্র পুকুর খনন করে আসছিল। এর আগে প্রায় ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিনষ্ট করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে তৎপরতা চলছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, নদীর ওপার থেকে এসে একটি চক্র আবাদি ও সরকারি খাসজমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের অভিযান শেষে তারা আবারও একই কাজে ফিরে আসে। এভাবে চলতে থাকলে কৃষিজমি কমে যাবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপির নেতারা, যুবদলের নেতাসহ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর