বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেঝেতে টাইলসের নিচে মাদকের গোডাউন, ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

মেঝেতে টাইলসের নিচে মাদকের গোডাউন, ২ কারবারি গ্রেফতার

রাজশাহীতে বাসাবাড়ির মেঝের টাইলসের নিচে মাদকের গোডাউনের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, মাদক বিক্রির নগদ ১১ লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

গ্রেফতার আসামিরা হলেন- মো. আবুল কালাম আজাদ (৪৪) এবং মো. মানিক ইসলাম (৪৪)। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানার এমাদপুর গ্রামে (মানিক ইসলামের পূর্ববর্তী ঠিকানা চরখিদিরপুর মধ্যচর গ্রাম)।

পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহায়তায় এমাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় কৌশলে পালিয়ে যান আরেক মাদক ব্যবসায়ী মানিক ইসলাম।

পরবর্তীতে গ্রেফতার আজাদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরএমপির পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির (পিপিএম)-এর নির্দেশে বুধবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এমাদপুর গ্রামে মানিক ইসলামের বসতবাড়িতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি করা একটি গোপন গোডাউনের সন্ধান পায় পুলিশ। ওই গোডাউনে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার আসামি মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর বাঘা, বোয়ালিয়া ও মতিহার থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া কাটাখালী ও মতিহার থানায় ৩টি পেনাল কোডের মামলা এবং মতিহার থানায় ১টি অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলা চলমান রয়েছে। অন্যদিকে, গ্রেফতার অপর আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও সব অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর