নাটোরের লালপুরে হযরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজার ও মসজিদের সিন্দুক এবং দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে গেছে। তবে সিন্দুক ও দানবাক্স থেকে ঠিক কত টাকা চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা ছিল বলে জানিয়েছে পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভেল্লাবাড়ীয়া এলাকায় অবস্থিত মাজার ও মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে মাজার ও মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুক ও দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যায় তারা। একই সঙ্গে প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মাজারের সিন্দুকে প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা ছিল। এর আগে সাধারণত তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হতো। প্রতিবার সিন্দুক খুলে ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত। তবে দীর্ঘদিন ধরে জমে থাকা টাকা চুরি হওয়ায় এবার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।দানের টাকা সিন্দুকে জমা রাখা হতো। চুরির ঘটনায় সিন্দুকের টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা স্টিলের বাক্স খোয়া গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল। এ ছাড়া একটি পুরোনো বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান।
প্রতিনিধি/ এজে




