শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নিহত নারীর পরিচয় শনাক্ত করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। নিহত নারীর নাম ঝিনুক আক্তার।
তিনি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ৪ নম্বর ব্লকের ১৪১ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে একটি ভেসে থাকা ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ড্রামটি দেখে সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে গ্রাম পুলিশের সদস্য এসে ড্রামের ভেতরের ঢাকনা খুলে এক নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার পর পরই নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় পিবিআই শেরপুর শাখা নিহত ঝিনুক আক্তারের সঠিক পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে।
তবে ঝিনুক আক্তারের মৃত্যুর পেছনে কী ঘটেছিল, তিনি হত্যার শিকার হয়েছেন কি না, কিংবা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী— এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এলএ




