বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 

৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাসপাতাল পরিচালকের সাথে মিটিংয়ে তারা এ সিদ্ধান্ত নেন। পরে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—

১. হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।

২. কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

৩. একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের হাসপাতালে প্রবেশের নিয়ম কার্যকর করা।

৪. রোগী ভর্তির দিন ও পরবর্তী দিন সংশ্লিষ্ট সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।

৫. অনতিবিলম্বে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে এসব দাবিতে তারা কর্মবিরতি শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। তবে এদিন সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের তিনটি দাবি মেনে নেওয়ার কথা জানায় রামেক হাসপাতাল প্রশাসন। এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে হাসপাতাল প্রশাসনের সাথে ইন্টার্ন চিকিৎসকদের মিটিং শুরু হয়। 

এ বিষয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু ঢাকা মেইলকে বলেন, সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। পরিচালক স্যার আমাদের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন, সচিব স্যারও আন্তরিকতা দেখিয়েছেন। সেজন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করলাম। এখন থেকে আমরা ডিউটিতে যাব। যাদের ইভিনিং ডিউটি আছে, তারা ইভিনিং ডিউটি করবে, যাদের নাইট আছে তারা নাইট ডিউটিতে যাবে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম ঢাকা মেইলকে বলেন, ‘পরিচালক মহোদয়ের সাথে দীর্ঘ আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আগামীকাল থেকে তারা হাসপাতালে যোগদান করবেন।’

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর