দিনাজপুর শহরের সিপাহীপাড়ায় নির্মাণাধীন সেতুর মালামাল চুরিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে টিটু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টিটু দিনাজপুর শহরের লাইনপাড়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে।
নিহতের বড় ভাই বিপ্লবের ভাষ্য, টিটু সিপাহীপাড়ায় নির্মাণাধীন একটি সেতুর পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে কিছুক্ষণের জন্য ছোট ভাইকে দায়িত্ব দিয়ে পাশের বাড়িতে খেতে যান তিনি। এ সময় একই এলাকার রাজুর ছেলে রিজন (২৬) সেতুর মালামাল পরিবহনে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারি ও সড়ক কাটার সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে টিটু ‘চোর চোর’ বলে চিৎকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রিজন ধারালো অস্ত্র দিয়ে টিটুর পেট ও উরুতে আঘাত করে পালিয়ে যান।
টিটুর চিৎকার শুনে তার বড় ভাই বিপ্লব, পরিবারের অন্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিপ্লব আরও জানান, মৃত্যুর আগে টিটু তাঁকে জানিয়েছেন, গাড়ির মালামাল চুরি করে নিয়ে যেতে বাধা দেওয়ায় রিজন তাকে ছুরিকাঘাত করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিনিধি/এলএ




